হাতের নাগালে সহজে পাওয়া যায় বলে আমরা প্রায়ই অনেক কিছুকে খুব সাধারণ মনে করি। খাদ্য, পানি কিংবা প্রকৃতির ডাকে সাড়া দিতে একটি টয়লেট—এসব মৌলিক সুবিধা আমাদের নিত্যদিনের অংশ। কিন্তু যদি কেবল একবার টয়লেট ব্যবহারের জন্যই আপনাকে গাঁটের পয়সা খরচ করতে হয়? এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন সনি সালোনি নামের এক ইনফ্লুয়েন্সার। খবর এনডিটিভির।
সম্প্রতি সনি সালোনি তার একটি ভিডিওতে দেখিয়েছেন যে, সুইজারল্যান্ডে পাবলিক টয়লেট ব্যবহার করতে বেশ চড়া মূল্য চোকাতে হয়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, কে কে এখন সুইজারল্যান্ড যেতে চান? বেশি বেশি টয়লেটে যাওয়ার চাপে আমি তিনবার টয়লেট ব্যবহার করে ১ হাজার রুপি খুইয়েছি। নিঃসন্দেহে এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটি জায়গা। ভিডিওতে দেখা যায়, তিনি বলছেন যে প্রতিবার টয়লেট ব্যবহারের জন্য তাকে ৩০০ রুপি করে দিতে হয়েছে, যার চেয়ে তার মনে হয়েছে টয়লেট চেপে রাখাই শ্রেয়! তার এই ভিডিওর পর নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, আসলে সুইজারল্যান্ডের বেশিরভাগ টয়লেটই ফ্রি এবং খুব পরিষ্কার! মাত্র কয়েকটিতে টাকা দিতে হয়। আরেকজন জানান, জার্মানি ও ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশেও এমন নিয়ম রয়েছে এবং পরিষ্কার ও নিরাপদ টয়লেটের জন্য ১ বা ২ ইউরো দেয়াটা যুক্তিসঙ্গত।
কেউ কেউ আবার বুদ্ধি দিয়ে বলেছেন, আত্মবিশ্বাসের সঙ্গে কোনো ভালো হোটেলে ঢুকে তাদের ওয়াশরুম ব্যবহার করলে বিনা খরচেই কাজ সারা যায়। আবার একজন ব্যঙ্গ করে লিখেছেন, টয়লেট চেপে রাখার কারণে যখন হাসপাতালে গিয়ে ব্লাডার স্টোন বা মূত্রথলির পাথর অপসারণ করতে হবে, তখন সেই খরচের তুলনায় ৩০০ রুপি কিছুই না।
