সামাজিক মাধ্যমে আইসল্যান্ডসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশকে মার্কিন পতাকায় ঢাকা অবস্থায় একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর প্রতিবাদে সোমবার দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিলি লং-কে তলব করেছে আইসল্যান্ড সরকার। এ খবর দিয়েছে রয়টার্স।
কোনো ব্যাখ্যা ছাড়াই ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা ওই মানচিত্রে আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, কানাডা, মেক্সিকোসহ মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে মার্কিন পতাকায় ঢেকে পুরো ভূখণ্ডকে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ হিসেবে দেখানো হয়েছে। এর জেরে আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থরগের্দুর গুনারসদত্তির মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এই পোস্টটিকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত’ বলে কড়া বার্তা দেন।
সম্প্রতি আধা-স্বায়ত্তশাসিত ড্যানিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড কিনে নেয়ার বিষয়ে ট্রাম্পের আগ্রহের কারণে ওই অঞ্চলে এমনিতেই উত্তেজনা চলছে। গ্রিনল্যান্ডের জন্য ইউরোপীয় ইউনিয়নের বড় অঙ্কের বিনিয়োগ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প এই বিতর্কিত মানচিত্রটি প্রকাশ করেন। এর প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন আবারও সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ডের জনগণ কোনোভাবেই আমেরিকান হতে চায় না।
