বেআইনিভাবে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলো থেকে আসা পণ্য ও সেবার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে পারে বৃটেন। মঙ্গল বিকেলে হাউস অব কমন্সে এ পদক্ষেপের ঘোষণা দেয়ার কথা রয়েছে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের। সম্প্রতি তিনি বলেছেন, বৃটেন-ইসরাইল সম্পর্ক পুনর্গঠন করা হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরাইলি বসতিগুলো অবৈধ। এমন পরিস্থিতিতে বৃটেনের এই পদক্ষেপের কথা সামনে এলো, যখন অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল আরও ১ হাজার ২০০টি নতুন বাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে। তবে বসতিগুলোর বিরুদ্ধে বৃটেনের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বিবিসিকে বলেছেন, বৃটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। সরকারের মঙ্গলবার ঘোষিতব্য পদক্ষেপকে ইসরাইলের সঙ্গে ব্যবসা বয়কট হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন বৃটেনের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন। বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে তিনি বলেন, বসতি কার্যক্রমের ধারাবাহিক সম্প্রসারণের প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি বলেন, তারা যদি বসতি সম্প্রসারণ অব্যাহত রাখে, তাহলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়বে। ইসরাইলের সঙ্গে বৃটেনের সম্পর্ককে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে ম্যাকফ্যাডেন বলেন, অর্থনীতি ও নিরাপত্তা দুই দিক থেকেই এই সম্পর্ক গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমান ইসরাইলি সরকারের সমালোচনা এবং বৃটেনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের জীবনযাত্রার মধ্যে অবশ্যই পার্থক্য করতে হবে। বৃটেনে এ ধরনের সম্প্রদায়ের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণকে তিনি মৌলিকভাবে ভুল বলে উল্লেখ করেন।
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য ও সেবায় নিষেধাজ্ঞা দিতে পারে বৃটেন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৫৪ মিনিট আগে
৮ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ২ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
