বার্নাব্যুতে রোমাঞ্চকর পুনর্মিলনের রাত

উয়েফা চ্যাম্পিয়নস লীগ

বার্নাব্যুতে রোমাঞ্চকর পুনর্মিলনের রাত

ফন্ট সাইজ:

ইউরোপিয়ান ফুটবলের দুই ঐতিহ্যবাহী দলের লড়াই দিয়ে আজ মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লীগের নতুন মৌসুমের লীগ পর্ব। সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ১টায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ১৬ বছর আগে ইন্টারকে ট্রেবল জিতিয়ে ইতিহাস গড়া জোসে মরিনহো এখন লস ব্লাঙ্কোসদের ডাগআউটে। রেকর্ড ১৬তম শিরোপার খোঁজে থাকা রিয়াল বস আজ মুখোমুখি হচ্ছেন তার পুরনো চেনা আঙিনার।

শেষবার দু’দলের ইউরোপিয়ান যাত্রা খুব একটা সুখকর ছিল না। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নেয় অল হোয়াইটরা। আর ইন্টার মিলানকে তো প্লে-অফ পর্বেই ছিটকে দেয় তুলনামূলক পুঁচকে বোডো/গ্লিমট। তবে দু’দলই নিজ নিজ লীগে দারুণ শুরু করেছে। লা লিগায় রিয়াল টানা তিন ম্যাচ জিতলেও শেষ ম্যাচে রিয়াল বেটিসের মাঠে ১-০ গোলে হেরে কিছুটা চাপে রয়েছে। অন্যদিকে, ক্রিস্টিয়ান চিভুর ইন্টার মিলান সিরি আতে মনজা, কালিয়ারি এবং নাপোলিকে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে। তবে নতুন শতাব্দীর শুরু থেকেই রিয়ালের বিপক্ষে জয়হীন থাকার আক্ষেপটা আজও তাড়া করে বেড়ায় নিরাজ্জুরিদের। শেষবার ১৯৯৮তে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে জয়ের দেখা পায় তারা। এরপরের ৪ বারের দেখায় কোনো ম্যাচ ড্র-ও করতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা। দলের শক্তি ও দুর্বলতার বিচারে আজকের ম্যাচটি হতে যাচ্ছে দারুণ জমজমাট। তবে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লীগের উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যান বরাবরই বেশ শক্তিশালী।

গত মৌসুমের নিষেধাজ্ঞার কারণে রিয়ালের স্কোয়াডে থাকছেন না এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলের এবং নতুন সাইনিং বার্নার্দো সিলভা। চোটের কারণে বাদ পড়েছেন এদের মিলিতাও, রদ্রিগো ও ফারল্যান্ড মেন্দি। মাঝমাঠে অহেলিয়ে চুয়ামেনির খেলা নিয়েও সংশয় রয়েছে। ফলে মাঝমাঠের ভার সামলাতে হতে পারে জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভের্দেকে।

অন্যদিকে, তুলনামূলকভাবে ইন্টারের স্কোয়াড বেশ স্বস্তিদায়ক। নতুন সাইনিং জেড স্পেন্স ছাড়া পুরো দলই ফিট রয়েছে। নাপোলির বিপক্ষে বদলি নেমে দারুণ খেলা কার্টিস জোন্স এবং মার্কাস থুরামকে আজ শুরুর একাদশে দেখা যেতে পারে।
একই সময়ে রাত ১টায় মাঠে নামবে আরও কয়েকটি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব। পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোর মাঠে নামবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ ভিয়ারিয়ালকে আতিথেয়তা জানাবে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড।