হরমুজ সংকট দীর্ঘ হলে শিল্প বিপর্যয় হতে পারে: কাতার

হরমুজ সংকট দীর্ঘ হলে শিল্প বিপর্যয় হতে পারে: কাতার

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালির সংকট দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে কাতার। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেয়া এবং সামরিক উত্তেজনা আরও বাড়তে না দেয়ার আহ্বান জানিয়েছে দোহা।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টায় যুক্ত কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়াই সবচেয়ে জরুরি বিষয়। আল-আনসারি বলেন, আমাদের দুটি প্রধান অগ্রাধিকার রয়েছে। প্রথমত, প্রণালিটি খোলা এবং সম্মিলিতভাবে আমাদের সবার ওপর যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, তা দূর করা। দ্বিতীয়ত, এই অঞ্চলে যেন কোনো ধরনের সামরিক উত্তেজনা না বাড়ে, তা নিশ্চিত করা। সংকটের সমাধান না করে সেটিকে দীর্ঘায়িত করার বিপদ সম্পর্কেও সতর্ক করেন তিনি। কয়েক মাস পর আবারও সংঘাত শুরু হতে পারে- এমন পরিস্থিতি তৈরি করতে চান না বলেও জানান তিনি।

তিনি বলেন, আমরা এই সংঘাতকে স্থবির অবস্থায় রাখতে চাই না, যাতে কয়েক মাস পর আবারও এখানে ফিরে আসতে হয়। যুদ্ধের হাতিয়ার হিসেবে জলপথ ব্যবহার করার প্রবণতা ভবিষ্যতের সংঘাতের ক্ষেত্রে বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে বলেও সতর্ক করেন আল-আনসারি। তিনি বলেন, এ ধরনের সংঘাতে কোনো প্রণালি বা জলপথকে এভাবে ব্যবহার করা এবং হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়টিকে স্বাভাবিক করে তোলার সামর্থ্য বিশ্বের নেই। এটি বিশ্বের অন্য স্থানেও একইভাবে অনুসরণ করা হতে পারে, যার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। শুরুতেই আমাদের এটিকে থামাতে হবে। যুদ্ধের নতুন স্বাভাবিক নিয়ম হিসেবে কোনো দেশের এভাবে জলপথ বন্ধ করে দেয়ার বিষয়টি মেনে নেয়া যায় না।