পাকিস্তানি পর্বতারোহী ডা. আসমা মুশতাকের মৃতদেহ সোমবার হেলিকপ্টারে করে স্প্যান্তিক বেস ক্যাম্প থেকে স্কারদুতে নেয়া হয়েছে। কারাকোরাম পর্বতমালার ৭ হাজার ২৭ মিটার উচ্চতার স্প্যান্তিক পর্বত থেকে নামার সময় উচ্চতাজনিত গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে ২০শে আগস্ট তিনি মারা যান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তারার বলেন, অত্যন্ত কঠিন উদ্ধার অভিযানের পর ডা. আসমা মুশতাকের মৃতদেহ নিরাপদে স্প্যান্তিক বেস ক্যাম্প থেকে স্কারদুতে নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে পরবর্তী সুবিধাজনক ফ্লাইটে মৃতদেহটি লাহোরে নেয়া হবে। তারার বলেন, এই প্রচেষ্টায় সহযোগিতার জন্য এফসিএনএ, আরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিম এবং অভিযানে যুক্ত প্রত্যেকের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এর আগে ২রা সেপ্টেম্বর তারার জানিয়েছিলেন, আরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিম আসমার মৃতদেহ নিরাপদে স্প্যান্তিক পিক বেস ক্যাম্পে নিয়ে এসেছে। উচ্চতায় বৈরী আবহাওয়ার কারণে মৃতদেহ উদ্ধারের অভিযানটি দীর্ঘ ও অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল।
এর আগে ভারী তুষারপাত ও প্রবল বাতাসের কারণে ক্যাম্প-৩ এর দিকে যাওয়ার সময় উদ্ধারকারী দল ফিরে আসতে বাধ্য হওয়ায় মৃতদেহ উদ্ধারের অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে উদ্ধারকারী দল আবার বেস ক্যাম্প থেকে রওনা হয়ে ক্যাম্প-২ এর দিকে এগিয়ে যায়। কারাকোরাম পর্বতমালার ৭ হাজার ২৭ মিটার উচ্চতার স্প্যান্তিক পর্বত থেকে নামার সময় উচ্চতাজনিত গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে গত ২০শে আগস্ট আসমা মুশতাকের মৃত্যু হয়।
