এবার লাইন ধরে হাঁটা ধরলো কিশোর ট্রেন থামলো ২০ মিনিট

এবার লাইন ধরে হাঁটা ধরলো কিশোর ট্রেন থামলো ২০ মিনিট

ফন্ট সাইজ:

রাজধানীর উত্তরা-উত্তর স্টেশনে মেট্রোরেলের লাইনে নেমে হাঁটছিল কিশোর। লাইনে নেমে পড়ায় প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে নিরাপত্তাকর্মীরা ওই কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্টেশন থেকে সরিয়ে নেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরটির বয়স আনুমানিক ১৩ থেকে ১৫ বছর। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সে উত্তরা-উত্তর স্টেশনের উত্তর পাশে ডিপোর দিকে যাওয়ার লাইনে নেমে পড়ে। কিশোরটি মেট্রোরেলের লাইনকে সাধারণ রেললাইনের মতো ভেবেছিল। এ পথে হেঁটে টঙ্গীর দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল তার। বিষয়টি নজরে আসলে মেট্রোরেলের নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে লাইন থেকে সরিয়ে আনেন। কিশোরটি লাইনে থাকায় নিরাপত্তার স্বার্থে ওই সময়ে মেট্রোরেল চলাচল ২০ মিনিট বন্ধ রাখা হয়। পরে তাকে নিরাপদে উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই কিশোরকে লাইন থেকে ধরে নিয়ে আসছে নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তা কর্মীদের বলতে দেখা যায়, ‘সে নাকি জানে না’। জিজ্ঞেস করলে ওই কিশোর বলে, ‘আমি হাঁটতে আসছি’।
এমআরটি পুলিশের প্রধান ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান মানবজমিনকে বলেন, কিশোরের নাম রাতুল। বয়স ১৪ বছরে। সে ট্রেন থেকে নেমেই ভেবেছে এই স্টেশন থেকে সরাসরি লাইন ধরে যাওয়া যায়। তাই সাধারণ লাইন ভেবে হাঁটা ধরেছে। তাঞ্জিলুর জানান, ছেলেটি এসেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে। তিনদিন আগে হারিয়ে যাওয়ায় সরাইল থানায় তার নামে সাধারণ ডায়েরি করা আছে। এখন ওই কিশোরকে তুরাগ থানায় রাখা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, গত ডিসেম্বরে মেট্রোরেলের ছাদে উঠে যায় ইয়াসিন নামের ১০ বছরের আরেকটি শিশু। আগারগাঁও স্টেশন থেকে শিশুটি মেট্রোরেলের দুই দরজার ফাঁকের জায়গায় অবস্থান করে। সেখান থেকে শিশুটি ট্রেনের ছাদে উঠে যায়। এমআরটি পুলিশ ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, ওই শিশু ট্রেনে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে উঠে আগারগাঁও যায়। এরপর নেমে লাইন অতিক্রম করে ফের মতিঝিলমুখী ট্রেনে উঠে পড়ে। পরে সচিবালয় স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ শাহবাগ থানায় হস্তান্তর করে। শিশুটি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল।