পাবনার আটঘরিয়ায় কিশোরী তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আদম আলী (৬০)কে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালানো হয়। প্রথমে গুলি, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। প্রাণ বাঁচাতে দৌড়ে একটি বাড়ির সামনে গিয়ে লুটিয়ে পড়েন আদম আলী। সেখানেই তার মৃত্যু হয়।
নিহত আদম আলী আটঘরিয়ার ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তিনি দৌড়ে স্থানীয় এক ব্যক্তির বাড়ির সামনে গিয়ে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
ওসি নাজমুল হক বলেন, কারা এবং কী কারণে আদম আলীকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তমা হত্যা মামলার সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, আদম আলী ষাটগাছা গ্রামের নায়েব আলীর কিশোরী মেয়ে তমা খাতুন (১৬) হত্যা মামলার প্রধান আসামি।
