রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মাদক নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. জাকারিয়া (৩৩) নামে আরও এক যুবক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার রাতে ইমরান ও জাকারিয়া ধলপুরের বাদল সরদারের গলির এলাকায় শরীফের রিকশার গ্যারেজে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে হেলমেট পরে ৬-৭ জন এসে ইমরানকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। ইমরানের মাথায় গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। জাকারিয়া হাঁটুতে ও ডান হাতের কব্জিতে গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ৭ মিনিটে ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত জাকারিয়ার বাড়ি ৫৪/এ, উত্তর ধলপুরে। তার বাবার নাম সফর আলী। তিনি গণমাধ্যমকে জানান, উত্তর ধলপুরে ৬ থেকে ৭ জন হেলমেট পরিহিত সন্ত্রাসী ‘ইমরান দৌড় দিবি না’ বলে সেখানে ইমরানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। সেই গুলিতে ইমরান মারা যায়। তাদের একটি গুলি এসে তার পায়ে ও ডান হাতের কব্জিতে বিদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু বলেন, পুলিশ অধিকতর তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
