১৮৬ আরোহী নিয়ে ভারতে বিমানের জরুরি অবতরণ

১৮৬ আরোহী নিয়ে ভারতে বিমানের জরুরি অবতরণ

ফন্ট সাইজ:

ইঞ্জিনে কারিগরি ত্রুটির কারণে সোমবার সন্ধ্যায় ভারতের চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে কুয়ালালামপুর থেকে জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট। খবর এনডিটিভির।
মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৫৬ ফ্লাইটটি ছিল এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের বিমান। এর নিবন্ধন নম্বর ছিল ৯এম-এমটিওয়াই। প্রতিবেদনে বলা হয়েছে, এতে ১৮৬ জন যাত্রী ও ক্রু ছিলেন।

ফ্লাইটটির ২ নম্বর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ার পর চেন্নাই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় স্থানীয় সময় বিকেল ৪টা ৭ মিনিটে। ফ্লাইটটির চেন্নাইয়ে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা ৪০ মিনিট।

তবে বিমানটি ৪টা ৪৪ মিনিটে নিরাপদে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ৪৫ নম্বর বে-তে বিমানটির জন্য জরুরি উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়।
চেন্নাই বিমানবন্দরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২ নম্বর ইঞ্জিন বিকল হওয়ার পর ফ্লাইটটি চেন্নাইয়ে গতিপথ পরিবর্তন করে। বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, অবতরণটি নির্বিঘ্ন হয়েছে। সব যাত্রী নিরাপদে আছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির অবস্থা এবং কারিগরি ত্রুটির বিষয়টি মালয়েশিয়া এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট কারিগরি দল পরীক্ষা করে দেখছে।
ইঞ্জিনের ত্রুটির প্রকৃতি এবং যাত্রীদের পরবর্তী গন্তব্যে পাঠানোর বিষয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।