সৌদি আরবের ‘তেল সাম্রাজ্যে’ বড় হামলা

সৌদি আরবের ‘তেল সাম্রাজ্যে’ বড় হামলা

ফন্ট সাইজ:

সৌদি আরবের জিজান শহরে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর তেল স্থাপনায় ফের হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) সৌদি আরামকোর তেল অবকাঠামো হামলার শিকার হয়েছে।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের পর ফের হামলার শিকার হলো সৌদি আরামকো। তবে সর্বশেষ এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানানো হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, সর্বশেষ হামলার মাত্রা গত মাসের হামলার সঙ্গে প্রায় একই রকম। সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এদিকে এই হামলার খবরের পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

সৌদি আরবের ইয়েমেন সীমান্তের সবচেয়ে কাছের শিল্পনগরী জিজান । অতীতেও হুতিদের বেশ কয়েকটি হামলার লক্ষ্য হয়েছে শহরটি। তবে ইরানের সমর্থনপুষ্ট হুতিরা এখনো সৌদি আরবে নতুন এই হামলার দায় স্বীকার করেনি।

গত জুলাইয়ে সৌদি আরবের লোহিত সাগরীয় বন্দরগুলো অবরোধের ঘোষণা দেয়ার পর হুতিরা দেশটির সঙ্গে ফের সংঘাতে জড়িয়েছে। এরপর কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।

জিজানে প্রতিদিন ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি শোধনাগার রয়েছে। এটি সৌদি আরবের অন্যতম বড় শোধনাগার। এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কারখানা ও জ্বালানি অবকাঠামোও রয়েছে।

সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের গত মাসে জানান, হামলাগুলোর কারণে কোম্পানিটির তেল উৎপাদনে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এর ফলে কোম্পানির কার্যক্রম বা আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।