এক পা হারানো সাবেক ইসরাইলি সেনাকে নিয়ে প্রচারাভিযান চালানোর ঘটনায় ‘অপমান’ বা ‘আপত্তির’ জন্য অবশেষে ক্ষমা চেয়েছে জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে অ্যাডিডাসের বৈশ্বিক সদর দপ্তর বলেছে, স্থানীয় দলের সাম্প্রতিক একটি প্রচারণায় ব্যবহৃত ছবি নিয়ে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আমরা বিষয়টি স্বীকার করছি। কাউকে অপমান করা আমাদের উদ্দেশ্য ছিল না এবং এতে যারা প্রভাবিত হয়েছেন, তাদের কাছে আমরা দুঃখিত।
বিবৃতিতে আরও বলা হয়, যেসব উদ্বেগের কথা বলা হয়েছে, আমরা তা স্বীকার করছি এবং পাওয়া মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
অ্যাডিডাস জানিয়েছে, তাদের ‘সিঙ্গেল শু’ সেবা ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সম্প্রসারণ করা হচ্ছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, লেবানন, সৌদি আরব, কুয়েত, কাতার ও মিসর রয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য একটি সেবা চালু করেছে অ্যাডিডাস। এর মাধ্যমে অঙ্গহানির শিকার ক্রীড়াবিদরা জোড়ার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী শুধু একটি রানিং শু কিনতে পারেন। এই সেবার প্রচারে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক সদস্য ও আহত সেনা শালেভ বিটনকে অন্তর্ভুক্ত করা হয়।
শালেভ বিটন আইডিএফের নাহাল পদাতিক ব্রিগেডে দায়িত্ব পালনের সময় একটি পা হারান। ইসরাইলের বিভিন্ন অ্যাডিডাস আউটলেটে প্রদর্শিত একাধিক পোস্টারে ১০ জন প্রতিবন্ধী ক্রীড়াবিদের সঙ্গে বিটনকেও তুলে ধরা হয়েছিল।
২০২১ সালের ১২ মে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘাতের সময় ‘অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস’ নামে পরিচিত ওই অভিযানে বিটন আহত হন।
যদিও অ্যাডিডাসের এই প্রচারণা শুধু ইসরাইলে তবে এটি প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।
