৭ই অক্টোবর থেকে ‘ফিরে আসার গল্প’

৭ই অক্টোবর থেকে ‘ফিরে আসার গল্প’

ফন্ট সাইজ:

মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। সেই ধারাবাহিক শেষ হয়েছে মাস দুয়েক হলো। সে সময় থেকেই জানা গেছে, নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ শুরু করছেন এই পরিচালক। সেই মোতাবেক, এরইমধ্যে শুটিং চলছে ধারাবাহিকটির। এবার ধারাবাহিকটির অভিনেতা—অভিনেত্রী, কলাকুশলীদের নিয়ে পরিচালক রাজ আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ধারাবাহিকটির। রোববার বিকালে উত্তরায় একটি সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে ধারাবাহিকটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ধারাবাহিকটিতে অভিনয় করা শহিদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, ডা. এজাজ, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুমাইয়া শিমু, খায়রুল বাশার, তানজিম সাইয়ারা তটিনীসহ অনেকে।

নাটক প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, রাজের ওপর আমার আস্থা রয়েছে। সেই আস্থার জায়গা থেকে ধারাবাহিকটিতে যুক্ত হয়েছি। আমার বিশ্বাস দর্শকদেরও ভালো লাগবে পারিবারিক গল্পের নাটকটি। শহিদুজ্জামান সেলিম বলেন, জাহিদ হাসান এখানে আমার ছোট ভাই হিসেবে অভিনয় করেছে। নাটকটি সম্পূর্ণ পারিবারিক। বলতে পারি, এটি সব ধরনের দর্শকদের জন্য একটি কাজ। সুমাইয়া শিমু বলেন, অনেকদিন পর এ নাটকের মাধ্যমে ফিরেছি আমি কাজে। আমি নার্ভাস ছিলাম। তবে নিজেকে নিউকামার ভাবছি। সিনিয়র ও নতুনদের কাছ থেকেও শিখবো।

মনিরা মিঠু বলেন, এটা মৌলিক গল্পের ধারাবাহিক। আমার বিশ্বাস দর্শকদের পছন্দ হবেই। নাটক প্রসঙ্গে তটিনী বলেন, এখানে আমার অনেক সিনিয়র ও গুণী অভিনয়শিল্পীরা রয়েছেন। তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতাটা আমার জন্য বিশেষ। আর নাটকটির গল্পটাই এমন, যে দর্শকদের ভালো লাগবে। খায়রুল বাশার বলেন, ‘এটা আমাদের গল্প’ দিয়ে আমরা দারুণ সাড়া পেয়েছিলাম। এবার ‘ফিরে আসার গল্প’র ক্ষেত্রেও তেমন হবে বলে বিশ্বাস রাখি।

সবশেষে পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, ‘এটা আমাদেরই গল্প’ কে ছাড়িয়ে যেতে পারবো কিনা জানি না। তবে মৌলিক গল্পে এমন নাটক তৈরির চেষ্টা করেছি যেটা পরিবারের সবাই মিলে উপভোগ করা যায়। নাটকটির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা। কবির বকুলের কথায় এর সুর ও সংগীতও রুমির করা। জানা গেছে, ৭ই অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার থেকে প্রচার হবে ধারাবাহিকটি।