পূজাকে নিয়ে গুঞ্জন

পূজাকে নিয়ে গুঞ্জন

ফন্ট সাইজ:

সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার যুক্ত হয়েছে একটি সুনির্দিষ্ট তারিখ। বিনোদন অঙ্গনের একাধিক গোপন সূত্রের দাবি, আগামী ১৬ই সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে চলেছে ‘পোড়ামন-২’ খ্যাত এই নায়িকার। তবে এই আয়োজনের ভেন্যু কোথায়, কিংবা কে হচ্ছেন সেই বর— এসব বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। পুরো বিষয়টি আপাতত পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই পরিমিত কথা বলেন পূজা।

তবে গত মার্চে এক সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে নিয়ে দেয়া বক্তব্যে তিনি জানান, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ না হলেও ইতিমধ্যেই ‘এনগেজড’। সেই সঙ্গে নিশ্চিত করেছিলেন, তার হবু জীবনসঙ্গী শোবিজ অঙ্গনের বাইরের একজন মানুষ। চলতি বছরের আগস্টের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার হঠাৎ বিয়ের খবর ছড়িয়ে পড়লে তিনি সঙ্গে সঙ্গেই তা গুঞ্জন বলে উড়িয়ে দেন। স্পষ্ট জানিয়ে দেন, শুভ কাজটি সম্পন্ন হলে তা কোনোভাবেই গোপনে রাখা হবে না। কিন্তু সেই ঘটনার এক মাস পার না হতেই আবার সামনে এলো ১৬ই সেপ্টেম্বরের এই নতুন তারিখটি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা পূজা চেরি ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ঢাকাই সিনেমাতে ভালো অবস্থান তৈরি করেছেন। শেষ পর্যন্ত ১৬ই সেপ্টেম্বরের এ খবর সত্যি হলে, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখবেন এ ঢালিউড অভিনেত্রী।