লেবাননের দক্ষিণাঞ্চলে অতর্কিত বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু এবং দুইজন চিকিৎসক রয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে সোমবার (৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লেবাননের জাতীয় নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, লেবাননের দক্ষিণে কাফার রেমান শহরে সোমবার ভোরে একটি আবাসিক ভবনে ইসরাইলি যুদ্ধবিমান আঘাত হেনেছে। এতে দুই শিশুসহ নয়জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও পাঁচজন।
এনএনএ’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, চিকিৎসকদের আরেক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় আরও দুইজন নিহত হয়েছে।
এ ছাড়া ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে দেইর আল-জাহরানি শহরে এক আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।
তবে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা সন্ত্রাসীগোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে গত রোববার ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।
