বিরামপুর সীমান্তে ২৫-৩০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ফিরিয়ে নিলো বিএসএফ

বিরামপুর সীমান্তে ২৫-৩০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ফিরিয়ে নিলো বিএসএফ

ফন্ট সাইজ:

দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। রোববার রাত প্রায় ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের গোবিন্দপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। পরে বিজিবি সদস্য ও গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে গেলে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রাখেন জাহেনুর বলেন, ‘রাতে বাড়ির পাশের মাঠে দাঁড়িয়ে ছিলাম। এ সময় কয়েকজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখি। আমি চিৎকার করলে বিজিবি সদস্য ও গ্রামবাসীরা দ্রুত সেখানে উপস্থিত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।’

শূন্যরেখার কাছে বসবাসকারী ভারতীয় নাগরিক নুর ইসলাম জানান, তিনি প্রায় ২৮ জনকে দেখতে পেয়েছেন। তাদের মধ্যে চারজন নারী ও ২৪ জন পুরুষ ছিলেন। তাদের সঙ্গে বিএসএফ ও ভারতীয় পুলিশের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, ‘পুশইনের চেষ্টা আমরা প্রতিহত করেছি। স্থানীয় গ্রামবাসীরাও আমাদের সহযোগিতা করেছে। পুশইন ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’