সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপি’র বর্ষীয়ান নেতা এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। শনিবার দুপুরে সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ এম. সাইফুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান এমপি, সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং মৌলভীবাজারের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, এম সাইফুর রহমানের ১৭তম শাহাদতবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি।
তিনি শুধু একজন জাতীয় নেতা ছিলেন না- তিনি ছিলেন আমাদের মতো অসংখ্য নেতাকর্মীর অভিভাবক। আমরা তার স্নেহধন্য হয়ে রাজনীতিতে পথ চলেছি। এম সাইফুর রহমানের ১৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে এম সাইফুর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন জেলা বিএনপি’র সভাপতি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।
দোয়া মাহফিলে জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর, কামরুল হাসান শাহিন, আহমেদুর রহমান চৌধুরী মিলু, জিল্লুর রহমান সোয়েব, কুহিনুর আহমদ, শাকিল মোর্শেদ, এডভোকেট আল আসলাম মুমিন, লোকমান আহমদ, সালিক আহমদ, মনিরুল ইসলাম তোরন, সোলেমান আহমদ, শওকত মিয়া, শাহিন আলম জয়, আতাউর রহমান কাচা, সেলিম আহমদ, সাহেদ আহমদ, মিজানুর রহমান বেলাল, মোস্তাক আহমদ মোস্তাক, মাহবুব আলম, জাহেদুর রহমান, মুক্তার আহমদ, জুনেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
