দুই মাসে দাউদকান্দি থানায় ২৮৬ গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার

ফন্ট সাইজ:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। এ সময় মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলায় মোট ২৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গত ৫ই জুলাই থেকে ৫ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ১ হাজার ২০১ বোতল স্কাফ সিরাপ এবং ৬ বোতল বোটকা। এ ছাড়া, অভিযানে দু’টি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আরও জানা যায়, গত দুই মাসে মাদক মামলায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা মূলে গ্রেপ্তার হয়েছেন ৯৪ জন। এ ছাড়া, ডাকাতির অভিযোগে ৫৬ জন, ছিনতাইকারী ও চোর হিসেবে ২৮ জন এবং অন্যান্য মামলায় ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সবমিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৬ জনে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার কর্মকর্তা ও সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। দাউদকান্দিকে মাদক, সন্ত্রাস, ডাকাতি ও ছিনতাইমুক্ত করতে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতাও করতে হবে।