পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে বর্তমানে চলমান তেল সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি অযৌক্তিক। তিনি রোববার বেলা ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে পাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকিট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ তারাই আবার তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকা, পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্ব আরোপ এবং যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, বোদা উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সাতার প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা।
