বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালাগাল ও কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল বিকালে ভাওয়াল রাজবাড়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রাজবাড়ী সড়ক ও মসজিদ রোড হয়ে শিববাড়ী এলাকার জুলাই চত্বরে গিয়ে শেষ করা হয়। সেখানে মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মোনায়েম খন্দকার সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহাদাত হোসেন শাহিন ও মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তারা বহুল আলোচিত ইনকিলাব মঞ্চের সদস্য ও এনসিপি কর্মী আব্দুল্লাহ সিফাতের কঠোর বিচার দাবি করছেন। নেতাকর্মীরা বলছেন, বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ বা ক্ষোভ থাকলেও প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। অভিযুক্ত সিফাত বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
