দৌলতপুরে বিদেশি পিস্তল, রামদা ও ককটেলসহ যুবক আটক

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামে এক যুবককে বিদেশি পিস্তল, রামদা ও একটি ককটেলসহ আটক করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তাদের গণপিটুনিতে আহত হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক রকি হোসেন একই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয়দের দাবি, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। এর প্রতিবাদে গত শুক্রবার রাতে এলাকাবাসী মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এরই সূত্র ধরে শনিবার রাতে স্থানীয়রা খবর পান, সিরাজনগরের একটি বাঁশবাগানে কয়েকজন ব্যক্তি মাদকসেবন ও বিক্রির সঙ্গে জড়িত। পরে স্থানীয়রা সেখানে গেলে আতঙ্ক সৃষ্টি করতে রকি হোসেন ও তার সঙ্গে থাকা মাদকসেবীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান এবং ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে রকি হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি আহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রকি হোসেনকে উদ্ধার করে। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও একটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, স্থানীয়রা অস্ত্র ও ককটেলসহ রকি হোসেন নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।