নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীর পাড়ে আহমদ গার্ডেন সিটির সামনে বালু ফেলে নদীর অংশ ভরাট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, আহমদ প্রাইভেট গার্ডেন সিটির সামনে তিতাস নদীর একটি অংশে বালু ফেলে ভরাট করা হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হলে ঘটনাটি প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দায়ী ব্যক্তিকে জরিমানা করে।

উল্লেখ্য, আহমদ প্রাইভেট গার্ডেন সিটির পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদীর ওই অংশটি প্রায় ৫২০ ফুট প্রশস্ত এবং ১২ ফুট গভীর বলে জানা গেছে। নদীর এই অংশটি ২০১৮ সালে সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল। নদী ভরাটের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, নদী হলো আমাদের জীবন্ত সত্তা। সেই নদীকেই যদি আমরা দখল বা দূষণ করি, তাহলে এর বিরূপ প্রভাব আমাদের পরিবেশের উপর পড়বে। আমরা এই নদী ভরাটের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।