চট্টগ্রামে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

ফন্ট সাইজ:

দোকানের পসরা আর ফুটপাথ জুড়ে নানা ধরনের স্থাপনায় দীর্ঘদিন ধরে সংকুচিত হয়ে পড়েছিল চট্টগ্রামের বহদ্দারহাটের সড়ক ও ফুটপাথ। ফলে একদিকে পথচারীদের চলাচলে ভোগান্তি, অন্যদিকে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়ে তৈরি হতো যানজট। অবশেষে অভিযানে নামলো চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। উচ্ছেদ করা হয়েছে দুই শতাধিক অবৈধ দোকান।

রোববার নগরের বহদ্দারহাট মসজিদের সামনে থেকে বহদ্দারহাট মোড় হয়ে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। চসিকের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন দখলে থাকা ফুটপাথ ও সড়কের অংশ পথচারী এবং যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যায়। চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, চান্দগাঁও থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরের সড়ক ও ফুটপাথ দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।