আগস্ট মাসে সিলেটে সড়কে মৃত্যু ৪৭ জনের

ফন্ট সাইজ:

চলতি বছরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটলো আগস্ট মাসে। এ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রাণহানি হয়েছে। সড়ক দুর্ঘটনায় সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনায় প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং করা, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলানো, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়।

রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন, হবিগঞ্জ জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।