নড়াইলে ৭ শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নড়াইলের মাদ্রাসা শিক্ষক মাহাবুবুর রহমান (২৫) কে মাদ্রাসার ৭ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাহাবুব নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর শেখের ছেলে। সে স্থানীয় তাফসিরুদ্দিন হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক। রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শনিবার দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নড়াইল সদর থানা পুলিশ। জানা গেছে, গত ২৭শে আগস্ট রাতে তাফসিরুদ্দিন হাফেজিয়া মাদ্রাসার ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে শিক্ষক মাহাবুব।

পরদিন ভুক্তভোগী শিশুটির মা মাদ্রাসায় আসলে ওই শিশু মায়ের কাছে বিষয়টি জানায়। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে বিষয়টি নিয়ে অনুসন্ধানকালে এ প্রতিষ্ঠানের আরও ৫ শিক্ষার্থী একই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের নিপীড়নের অভিযোগ করে। এ ছাড়া ইতিপূর্বে যৌন নির্যাতনের শিকার হয়ে একাধিক শিক্ষার্থী মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছে। সে কারণে নির্যাতনের শিকার হওয়ার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে তার দ্বারা এ পর্যন্ত ৭ জন শিক্ষার্থী যৌন নির্যাতনের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুণ্ডু আরও জানান, গত ৫ই সেপ্টেম্বর ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে শিক্ষক মাহাবুবুর রহমানকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর রোববার দুুপুরে তাকে আদালতে উপস্থাপন করলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।