মাগুরায় অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ

মাগুরায় অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ

ফন্ট সাইজ:

মাগুরার শ্রীপুর উপজেলায় পৃথক দু’টি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার ভোরে উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের আমলসার পূর্বপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসেন। এ সময় একজনের কাছ থেকে ২৩ বস্তা এবং আরেকজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়। স্থানীয় কৃষকদের অভিযোগ, সার কেনার জন্য আওয়ামী লীগ নেতা শহীদ জোয়ারদারের কাছে গেলে অনেক সময় তাদের বলা হতো, সার নেই।

তবে বেশি দামে সার কিনতে চাইলে মজুত রাখা সার বিক্রি করা হতো বলে অভিযোগ তাদের। কৃষকরা বলেন, এভাবে বিপুল পরিমাণ সার মজুত করে রাখার কারণে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। কৃষকের জন্য বরাদ্দ সার অবৈধভাবে মজুত করে রেখে বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে তা কৃষকদের ভোগান্তি বাড়ায়। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এত সার মজুত করা হয়েছিল, তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
অভিযানের সময় শহীদ জোয়ারদার ঘটনাস্থলে ছিলেন না। তিনি পালিয়ে যাওয়ায় তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, কৃষি অফিস থেকে গোপন সংবাদের ভিত্তিতে সার অবৈধভাবে মজুতের খবর পাওয়া যায়।

পরে অভিযান চালিয়ে একজনের কাছ থেকে ২৩ বস্তা এবং আরেকজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শহীদ জোয়ারদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কিনা- এ বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, এ বিষয়ে আমার জানা নেই। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সার মজুতের বিষয়টি জানতে পারেন তারা। পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।