ক্ষেতলালে লাইসেন্স ছাড়া সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

ক্ষেতলালে লাইসেন্স ছাড়া সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

ফন্ট সাইজ:

জয়পুরহাটের ক্ষেতলালে নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও অবৈধভাবে সার মজুতের দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দোকান থেকে ৫৭ বস্তা সার জব্দ করে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারে মেসার্স নুর ইসলাম ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানের খুচরা সার বিক্রেতা মো. আবু হাসানকে নিবন্ধন বা লাইসেন্স ছাড়া সার বিক্রি, অবৈধভাবে সার মজুত, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রয়ের সময় যথাযথভাবে ক্যাশমেমো ব্যবহার না করার অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি এ অর্থদণ্ড দেন। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে দোকান থেকে ৪৯ বস্তা টিএসপি, ৫ বস্তা এমওপি ও ৩ বস্তা ইউরিয়াসহ মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।