আগামী ২৫ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে অনুষ্ঠিতব্য ‘১৮তম ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অব
কেরালা’য় বাংলাদেশি চলচ্চিত্রকার ওয়াসিউদ্দিন আহমেদের প্রামাণ্যচিত্র ‘তৃতীয় পক্ষ’ আন্তর্জাতিক বিভাগে নির্বাচিত হয়েছে। উৎসব কর্তৃপক্ষ একাধিক ই-মেইল বার্তায় ‘তৃতীয় পক্ষ’ নির্বাচনের বিষয়টিসহ নির্মাতাকে আনুষ্ঠানিকভাবে উপস্থিতের আমন্ত্রণ জানিয়েছেন।
ওয়াসিউদ্দিন আহমেদ পরিচালিত ‘তৃতীয় পক্ষ’ প্রামাণ্যচিত্রটি বাংলাদেশে বেদে সম্প্রদায়ের এক বড় অংশের নানা ধরনের জীবনযাত্রার মাঝে তাদের জীবন, জীবিকা, পরিবার ও তাদের সমাজব্যবস্থার চিত্র ফুটে উঠেছে। প্রামাণ্যচিত্রটি নির্মাণে চিত্রগ্রহণে ছিলেন- দেবদাস সাহা দেবু, সম্পাদনায় সানু মানিক, আবহসংগীতে সৈয়দ সাবাব আলী আরজু, শব্দ পরিকল্পনায় সাইফুল ফারদিন, সহকারী পরিচালনায় আদনান আহমেদ এবং চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় ওয়াসিউদ্দিন আহমেদ। পরিচালক বলেন, এটা খুবই আনন্দের একটি সংবাদ যে, বাংলাদেশে আমার নির্মিত ‘তৃতীয় পক্ষ’ প্রামাণ্যচিত্রটি কেরালার এই উৎসবে আন্তর্জাতিকভাবে নির্বাচিত হয়েছে।
আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি বিশ্বাস করি, বেদে সম্প্রদায়ের জীবনযাপন সম্পর্কে একটি পূর্ণ ধারণা এ প্রামাণ্যচিত্রটির মাধ্যমে দর্শক পাবেন।
