চট্টগ্রামে বিএনপি’র হামলায় এনসিপি নেতাসহ ৮ ব্যবসায়ী আহত

চট্টগ্রামে বিএনপি’র হামলায় এনসিপি নেতাসহ ৮ ব্যবসায়ী আহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেছে বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের আবুল হোসেন মার্কেট এলাকায় দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে বিকাল ৫টার দিকে একই বাজারের এ আলী শপিং কমপ্লেক্স এলাকায় মার্কেটের চলাচলের রাস্তার উপর দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও বাজারের ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে সাতজন আহত হন। আহতদের মধ্যে ব্যবসায়ী মো. সুমন, আব্দুর রহিম, ইকবাল কবির, সাইফুদ্দিন, শহিদ, আলী হোসেন ও আজগর রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, চাতরী চৌমুহনী বাজারের এ আলী শপিং কমপ্লেক্সের চলাচলের রাস্তার উপর দোকান নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ব্যবসায়ী আলী আহমেদ অভিযোগ করেন, যুবদল নেতা নয়নের নেতৃত্বে কয়েকজন রাস্তার উপর দোকান নির্মাণ করতে এলে ব্যবসায়ীরা বাধা দেন। পরে বিকালে ইজারাদার পক্ষের লোকজন ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।

এদিকে হামলার শিকার এনসিপি নেতা দেলোয়ার হোসেনের সহকর্মী মো. জুলফিকার বলেন, তিনি কিছুটা দূরে বসে ছিলেন। হঠাৎ বিএনপি’র নেতাকর্মীরা দেলোয়ারের ওপর হামলা চালিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তার ঘাড়ের পেছনে বেশি জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়। আহত দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এনসিপি ও জামায়াতের ওপর নির্যাতন করে আসছে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িতরা। সামপ্রতি শনিবারের লংমার্চ ও এনসিপি’র নতুন সদস্য সংগ্রহকে কেন্দ্র করে আমাদের ওপর বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা হামলা চালায়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপি’র সদস্য সচিব জোবাইরুল আলম মানিক বলেন, চাতরী চৌমুহনী বাজারে ব্যবসায়ীদের একটি বিষয় নিয়ে সকাল থেকেই উত্তেজনা চলছিল। এটি এনসিপি’র কোনো বিষয় নয়। কিন্তু সন্ধ্যার পর কিছু ব্যক্তি কোনো কারণ ছাড়াই দেলোয়ার হোসেনকে অতর্কিত কুপিয়ে জখম করেছে বলে তিনি অভিযোগ করেন। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে আহত চারজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এনসিপি নেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।