ভোলার লালমোহন উপজেলায় খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার এলাকার একমাত্র খেলার মাঠটি ব্যবসায়ী নামের অবৈধ দখলদারদের কবল থেকে দখলমুক্ত করে ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ নামকরণের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থা এবং সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কর্তারহাট বাজারের কিছু প্রভাবশালী ব্যবসায়ী সু-কৌশলে খেলার মাঠটি দখল করছেন।
এর ফলে কিশোর, তরুণ ও যুবকদের খেলাধুলার বিকল্প কোনো মাঠ না থাকায় তারা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন। মাঠটি রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করতে অবিলম্বে মাঠটি দখলমুক্ত করতে প্রশাসনের কাছে দাবি জানান তারা। একইসঙ্গে মাঠটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ হিসেবে রূপান্তর করতেও সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। ?অনুষ্ঠিত মানববন্ধনে ?কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, সহ-সভাপতি আল-আমিনসহ স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সাধারণ ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
