নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে রূপগঞ্জের পলখান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘদিন পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার শাহীন আকন্দের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার রাতে শাহীন আকন্দ ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবুলকে খুঁজতে পলখান বাজারে যায়। এ সময় বাবুলকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলে আলতাফ হোসেন ডিজান ও সিফাতকে একটি দোকানে বসা অবস্থায় পেয়ে হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় তাদের বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা সাত্তার নামে আরও এক যুবককে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এদের মধ্যে ডিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ ৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।
