মাঝ আকাশে যাত্রীকে স্কচটেপ দিয়ে বেঁধে বিমানের জরুরি অবতরণ

মাঝ আকাশে যাত্রীকে স্কচটেপ দিয়ে বেঁধে বিমানের জরুরি অবতরণ

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রী প্রচণ্ড অসংলগ্ন আচরণ করতে শুরু করে। এর জেরে তাকে সিটের সঙ্গে স্কচটেপ দিয়ে বেঁধে উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। বৃহস্পতিবার রাতে ডালাস থেকে নিউজার্সিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। পরে মেরিল্যান্ডের বাল্টিমোর বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করার পর ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন

জানা যায়, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬১৮-এর ফার্স্ট ক্লাসে বসে থাকা এক যাত্রী হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। বর্ণবাদী ও সমকামিতা বিদ্বেষী মন্তব্য করার পাশাপাশি তিনি পাশের এক যাত্রী এবং তাকে থামাতে আসা এক নারীকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জুয়ান মেজিয়া নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন যাত্রী মিলে তাকে জিপটাই ও স্কচটেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে ফেলেন। বাধা দিতে গেলে ওই যাত্রী মেজিয়াকে কামড় দেন।

তবে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে তার মুখে কোনো টেপ লাগানো হয়নি। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী থাকায় আকাশে এমন সহিংস আচরণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বিমানে যাত্রীদের উচ্ছৃঙ্খল আচরণের ১ হাজার ১৬০টির বেশি ঘটনা ঘটেছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ৪৩ হাজার ডলারের বেশি জরিমানার বিধান রয়েছে।