ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

আগ্নেয়গিরির ছাইয়ে ঢাকা আকাশ

ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

ফন্ট সাইজ:

আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়েছে। এ থেকে নির্গত ছাই ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার আকাশে। এ ঘটনায় দেশটির প্রধান বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে। রোববার সকালে জাকার্তার অদূরে অবস্থিত সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত বেড়ে যাওয়ায় স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়। এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে আনাক ক্রাকাতোয়ায় অগ্ন্যুৎপাত শুরু হয়। এসময় লাভা নির্গত হওয়ার পাশাপাশি বিকট শব্দ শোনা যায়, যা ৭০০ কিলোমিটার দূর থেকেও বোঝা গেছে।

আগ্নেয়গিরিবিদ্যা সংস্থা জানিয়েছে, রবিবার নতুন করে আরও দুবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। বিএমকেজি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগ্নেয়গিরিটির জাভা অংশে ৬ হাজার মিটার (২০ হাজার ফুট) এবং সুমাত্রা ও জাভার বানতেন প্রদেশের কিছু অংশে ১৫ হাজার মিটার উঁচুতে ছাইয়ের কুণ্ডলী উঠতে দেখা গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক লুকমান এফ লাইসা জানান, ‘পেপার টেস্টের’ মাধ্যমে বিমানবন্দরে আগ্নেয়গিরির ছাইয়ের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়ানো হয়। তিনি বলেন, যেকোনো পরিচালনগত সিদ্ধান্তে নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

১৮৮৩ সালে ক্রাকাতোয়ার সেই ঐতিহাসিক ও ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর ১৯২০-এর দশকে সমুদ্রগর্ভ থেকে আনাক ক্রাকাতোয়ার উদ্ভব হয়। এরপর থেকে বিভিন্ন সময় এতে অগ্ন্যুৎপাত হয়েছে। ২০১৮ সালের এক অগ্ন্যুৎপাতে এর জ্বালামুখের একাংশ ধসে সুনামির সৃষ্টি হয়েছিল, যাতে জাভা ও সুমাত্রা উপকূলে ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।