সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যানড্রু টেট ও ট্রিস্টান টেটের বিরুদ্ধে নতুন করে যৌন অপরাধের অভিযোগ এনেছেন রোমানিয়ার প্রসিকিউটররা। রোমানিয়ার অপরাধ ও সন্ত্রাসবাদ তদন্ত অধিদপ্তর (ডিআইআইসিওটি) জানিয়েছে, ভিডিও চ্যাটে যৌন কর্মকাণ্ড করতে এক তরুণীকে বাধ্য করে ১২ লাখ ডলারের বেশি অর্থ আয় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ৩৯ বছর বয়সী অ্যানড্রুর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের মানবপাচার, অর্থপাচার এবং অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। ৩৮ বছর বয়সী ট্রিস্টানের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করে মানবপাচারে সহযোগিতা এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
বর্তমানে পৃথক অভিযোগে বৃটেনে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি কারাগারে রয়েছেন টেট ভাইরা। তারা তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। দ্বৈত মার্কিন ও বৃটিশ নাগরিকত্বধারী সাবেক কিক-বক্সার এই দুই ভাইয়ের বিরুদ্ধে ২০২২ সালের ডিসেম্বর থেকে রোমানিয়ায় ফৌজদারি তদন্ত চলছে। ২০১৭ সাল থেকে তারা মূলত রোমানিয়ায় অবস্থান করছিলেন। নারীবিদ্বেষী বার্তা ও বিলাসবহুল জীবনযাপনের ছবি প্রচারের মাধ্যমে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক অনুসারী তৈরি করেন, যাদের অনেকেই তরুণ পুরুষ। নতুন অভিযোগগুলোর বেশিরভাগই এক ঝুঁকিপূর্ণ তরুণীকে ঘিরে।
তদন্তকারীদের অভিযোগ, ট্রিস্টান যখন ওই তরুণীর বয়স ১৫ বছর, তখন তাকে নিয়োগ করেছিলেন। অভিযোগ রয়েছে, যৌন শোষণের উদ্দেশ্যে তাকে বেডফোর্ডশায়ারের লুটনে একটি ভবনে রাখা হয়েছিল এবং অ্যানড্রু তাকে যৌন শোষণের জন্য ব্যবহার করেন।
ডিআইআইসিওটির তদন্তকারীদের অভিযোগ, নজরদারি ও শারীরিক আগ্রাসনের মাধ্যমে অ্যানড্রু ওই তরুণীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং নিজের আর্থিক লাভের জন্য ভিডিও চ্যাটে তাকে যৌন কর্মকাণ্ড করতে বাধ্য করেন। তাকে পরবর্তী সময়ে আরও শোষণের উদ্দেশ্যে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। সেখানে অ্যানড্রুর দুটি বাড়িতে তাকে রাখা হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ছাড়া রোমানিয়ায় ১৫ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগেও অ্যানড্রুর বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।
প্রসিকিউটররা টেট ভাইদের চারটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করারও আবেদন করেছেন। গাড়িগুলোর মোট মূল্য প্রায় ৭ লাখ ১০ হাজার পাউন্ড। প্রসিকিউটরদের ধারণা, অর্থপাচারের মাধ্যমে এসব গাড়ি কেনা হয়েছে। ডিআইআইসিওটি যুক্তরাষ্ট্র থেকে টেট ভাইদের প্রত্যর্পণের আবেদন করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। কোনো বিচার শুরু হওয়ার আগে অভিযোগপত্রটি একজন বিচারকের মাধ্যমে পরীক্ষা করতে হবে। টেট ভাইরা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যে ব্যক্তিত্ব তুলে ধরেন, সেটি তাদের প্রকৃত ব্যক্তিত্ব নয়। তাদের আইনজীবী ইউজেন কনস্টান্টিন ভিদিনিয়াক বলেন, ডিআইআইসিওটির নেয়া সিদ্ধান্ত অপরাধের জন্য দায়ী সাব্যস্ত করে না এবং এমনভাবে উপস্থাপন করা উচিত নয় যেন সেটিই হয়েছে। আগের অভিযোগপত্রের বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর মামলাটি আদালতে নেয়ার জন্য এটি প্রসিকিউশনের সর্বশেষ প্রচেষ্টা।
