নতুন প্রদেশ গঠন নিয়ে পাকিস্তানে তীব্র বিতর্ক। তার মধ্যেই পাকিস্তান পিপলস পার্টি’কে (পিপিপি) দ্বৈত নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এক্সে দেয়া এক পোস্টে খাজা আসিফ বলেন, পাঞ্জাবে যখনই সরাইকি প্রদেশ গঠনের বিষয়টি ওঠে, তখন পিপিপি এ দাবিকে সমর্থন করে অথবা এর প্রতি ‘নরম মনোভাব’ দেখায়। কিন্তু যখন চারটির প্রদেশের পরিবর্তে একাধিক প্রদেশ বা প্রশাসনিক ইউনিট গঠনের কথা বলা হয়, তখন সিন্ধুদেশের প্রসঙ্গ শুরু হয়। তিনি আরও বলেন, পিপিপির এই পরস্পরবিরোধী অবস্থানের পেছনে অন্য কিছু রয়েছে বলে তিনি মনে করেন।
খাজা আসিফ বলেন, দলটির এই নীতির পেছনে তিনি কী কারণ দেখছেন, তা কোনো একসময় ব্যাখ্যা করবেন। তবে তিনি জোর দিয়ে বলেন, আমরা প্রথমে এবং শেষ পর্যন্ত পাকিস্তানি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। প্রতিরক্ষামন্ত্রী একই সঙ্গে ১৮তম সংবিধান সংশোধনীর আওতায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংবিধানে এ নীতি প্রতিষ্ঠিত হলেও বাস্তবে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। খাজা আসিফ বলেন, ক্ষমতা কেন্দ্রীভূত থাকার কারণে বর্তমান ব্যবস্থা পুরোনো হয়ে গেছে। গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে কার্যকর করতে এবং জনগণকে এর সুফল দিতে ক্ষমতা নিচের স্তরে হস্তান্তর করা প্রয়োজন। তিনি বলেন, পাকিস্তান তার বিদ্যমান ৩৬টি ডিভিশনকে নতুন প্রশাসনিক কাঠামোর ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারে অথবা অন্য কোনো ভৌগোলিক কাঠামো তৈরি করতে পারে। তার মতে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ‘অনিবার্য’।
পাকিস্তানের আরও প্রদেশ বা প্রশাসনিক ইউনিট প্রয়োজন কি না, তা নিয়ে নতুন করে বিতর্কের মধ্যেই খাজা আসিফ এসব মন্তব্য করেছেন। জুলাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই বিতর্ক নতুন করে উসকে দেন। তিনি বলেন, পাকিস্তানের বর্তমান শাসনব্যবস্থা ভেঙে পড়েছে এবং দেশটির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা আর নেই। তিনি মৌলিক সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, প্রদেশ বা অন্য কোনো নামে হোক, পাকিস্তানকে প্রশাসনিক ইউনিটভিত্তিক ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে।
নাকভি আরও বলেন, প্রশাসনের নিচের স্তরে ক্ষমতা হস্তান্তর করা উচিত এবং সুশাসন ও উন্নয়নের গতি বাড়াতে প্রশাসনিক ভিত্তিতে প্রদেশগুলোকে ভাগ করা প্রয়োজন। পরে তিনি বলেন, দেশের ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে- এমন যে মূল্যায়ন তিনি করেছিলেন, সেটির প্রতি তিনি এখনও অনড়। তবে তিনি স্পষ্ট করেন, গত ৮০ বছরে ব্যবস্থাটির অবনতির কথা উল্লেখ করেই তিনি ওই মন্তব্য করেছিলেন।
