ঋণ পরিশোধ নিয়ে ব্যাঙ্গালোরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ধারণ, গ্রেপ্তার ৪

ঋণ পরিশোধ নিয়ে ব্যাঙ্গালোরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ধারণ, গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

ঋণের সুদের টাকা পরিশোধ না করায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ওই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে ভারতের ব্যাঙ্গালোরে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজরাত, রেশমা, সুহেইল ও সাইফ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। পুলিশ জানিয়েছে, দুই বছর আগে রেশমার কাছ থেকে ১ লাখ রুপি ঋণ নিয়েছিলেন ভুক্তভোগী নারী। ছয় মাস ধরে তিনি ওই ঋণের সুদ পরিশোধ করতে পারেননি। এ ছাড়া রেশমার মাধ্যমে পরিচিত নাজরাতের কাছ থেকেও তিনি ৫০ হাজার রুপি ঋণ নিয়েছিলেন। ওই ঋণের বিপরীতে প্রতি সপ্তাহে ৫ হাজার রুপি করে পরিশোধ করছিলেন তিনি। তবে আর্থিক সংকটের কারণে প্রায় চার সপ্তাহ ধরে তিনি কোনো টাকা দিতে পারেননি।

ভুক্তভোগী জানিয়েছেন, পরে হয়রানির আশঙ্কায় তিনি রেশমার ফোন নম্বর ব্লক করে অন্য একটি এলাকায় চলে যান। এ সময় নাজরাত তাকে ফোন করে কাজ ও অর্থ দেয়ার প্রস্তাব দেন। এরপর নাজরাতের বাড়িতে গেলে সেখানে সুহেইল তাকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করেছেন ওই নারী। ভুক্তভোগীর আরও অভিযোগ, তাকে জোর করে একটি অটোরিকশায় তোলা হয়। রেশমা ও নাজরাত তার পাশে বসেন এবং সুহেইলসহ আরও দু’জন তাদের সঙ্গে ছিলেন। পরে তারা ব্যাঙ্গালোরের উপকণ্ঠে কুম্বালগোডুর কাছে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে সেখানে আটকে রাখেন বলে অভিযোগ। সেখানে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

এদিকে ভুক্তভোগীর মা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাকে শনাক্ত করে উদ্ধার করে এবং এ ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত চলছে।