তুরস্কভিত্তিক প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দেশটির বিরুদ্ধে নয়: মার্কিন দূত

তুরস্কভিত্তিক প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দেশটির বিরুদ্ধে নয়: মার্কিন দূত

ফন্ট সাইজ:

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক তুরস্কভিত্তিক তিনটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘তুরস্কের বিরুদ্ধে বিচার’ হিসেবে না দেখার জন্য দেশটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টিকে এভাবে দেখলে তা ‘গুরুতর ভুল’ হবে।

একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, আঙ্কারার নিজস্ব স্বার্থও এমন একটি ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার মধ্যে রয়েছে, যা ‘পরিচ্ছন্ন, বিশ্বস্ত এবং যারা এর অপব্যবহার করতে পারে, তাদের নাগালের বাইরে’ থাকবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এক্সে দেয়া এক পোস্টে ব্যারাক লিখেছেন, তুরস্কের আর্থিক ব্যবস্থার সুস্থতা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন উঠেছে একটি প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে। তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক প্রজাতন্ত্রের মধ্যকার সম্পর্ক যেকোনো একটি প্রতিষ্ঠান বা যেকোনো একটি দিনের চেয়ে অনেক বড়। ব্যারাক বলেন, ইরানি শাসনের বিরুদ্ধে ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কর্মসূচি নির্ভর করছে এমন সব চ্যানেল একে একে বন্ধ করার ওপর, যেগুলোর মাধ্যমে তেহরান তার কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থ অবৈধভাবে পাচার করে।

তিনি বলেন, এই নিষেধাজ্ঞা একটি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে লক্ষ্য করে দেয়া হয়েছে। কোনো দেশকে, কোনো ব্যাংকিং ব্যবস্থাকে বা কোনো মিত্রকে লক্ষ্য করে নয়। আঞ্চলিক স্থিতিশীলতা এবং উভয় দেশের জনগণের ওপর নির্ভরশীল যোগাযোগপথ ও বাণিজ্যের নিরাপত্তার প্রসঙ্গে ব্যারাক লিখেছেন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক একই পক্ষে রয়েছে। এর চেয়েও কঠিন পরিস্থিতিতে তারা যেমন ছিল, এখনও তেমনই রয়েছে।