প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে যুবক কারাগারে

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও সরকারকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গাজীপুরে আটক আব্দুল্লাহ সিফাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে সিফাত আব্দুল্লাহকে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫-এ পাঠানো হয়। পরে বিচারক রাকিবুল হাসান শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে গাছা থানা পুলিশ তাকে আটক করে। অ্যাক্টিভিস্ট সিফাত নগরীর দক্ষিণ খাইলকুর এলাকার বাসিন্দা এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর গাছা শাখার সদস্য। অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দেয়ার অভিযোগ ওঠে। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়। এদিকে সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে গাছা থানার সামনে উত্তেজনা সৃষ্টি হয়। তাকে ছাড়িয়ে নেয়ার দাবিতে এনসিপি’র যুব সংগঠন যুবশক্তির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে এনসিপি ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।