জেরার্ড জোন্সকে বরখাস্ত করলো বাফুফে, ভারপ্রাপ্ত কোচ মিশু

জেরার্ড জোন্সকে বরখাস্ত করলো বাফুফে, ভারপ্রাপ্ত কোচ মিশু

ফন্ট সাইজ:

উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারের পর সিরিয়ার কাছে ভরাডুরি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের। এরপরেই টনক নড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তারা । বৃহস্পতিবার এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ ব্যবধানে হারের কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্ত নেয় বাফুফে। একই সঙ্গে তার সঙ্গে চুক্তি বাতিল করে টিম হোটেল ত্যাগ করতেও বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানিয়েছেন, ‘তার অধীনে দলের ফলাফল সন্তোষজনক নয়। তা ছাড়া তার আচরণেও বাফুফে বিব্রত।

তাই তাকে সরিয়ে দেয়া হয়েছে এবং হোটেল ত্যাগ করতে বলা হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’ দায়িত্ব নেয়ার পর থেকে বিতর্কিত সব কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন জোন্স। নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্টের মাধ্যমে প্রতিদিনের কর্মকাণ্ড তুলে ধরতেন। এরকমই এক পোস্টে বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করান কোচ। সময়মতো পরিবারের কাছে বেতন পাঠাতে না পারার জন্য দায়ী করেন বাফুফেকে। অথচ জানা যায়, বাফুফে নির্ধারিত সময়েই বেতন পরিশোধ করেছে। সে সময় এ নিয়ে নমনীয় ছিল বাফুফে। সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে ঢাকায় হোটেলে হাতাহাতি এবং তারপর হোটেলে পুলিশ ডেকেও পার পেয়েছেন বৃটিশ কোচ। উজবেকিস্তানে সহকারী কোচকে না নেয়ার ব্যাপারে অনড় ছিলেন জোন্স। তবে বাফুফের মধ্যস্থতায় দু’জন উজবেকিস্তান গেলেও মিশু ডাগআউটে থাকতে পারেননি প্রথম দুই ম্যাচে- যা দলের ভেতরের অস্থিরতার আরেকটি উদাহরণ। মাঠে দলের খেলাও ছিল ছন্নছাড়া।

উজবেকিস্তান বিশ্বকাপে খেলা দেশ, তাদের যুবাদের কাছে ২-০ গোলে হার তবু সহনীয়। কিন্তু সিরিয়ার কাছে ৩-০ গোলে হার দলের রুগ্ন অবস্থা তুলে ধরে প্রবলভাবে। আগামী বছর চীনে হতে যাওয়া এশিয়ান অনূর্ধ্ব-২০ ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর এখন বাংলাদেশের সামনে ৬ই সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটা সম্মান রক্ষার। সে ম্যাচে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাওয়া আতিকুর রহমান মিশু তাসখন্দ থেকে মুঠোফোনে বলেন, ‘বাফুফে থেকে শেষ ম্যাচটার দায়িত্ব নিতে বলা হয়েছে আমাকে। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে আর কার্যত নেই। তবু ছেলেদের যতটা সম্ভব অনুপ্রাণিত করার চেষ্টা করবো। ভারত ম্যাচটা জিতে দেশে ফিরতে চাই।’