আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার মার্কোস ইয়োরেন্তে। ৩১ বছর বয়সে স্পেনের জার্সিকে পাকাপাকিভাবে বিদায় বললেন এবারের বিশ্বকাপে শিরোপার স্বাদ নেয়া ডিফেন্ডার। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭টি ম্যাচ খেলার পর এই আকস্মিক সিদ্ধান্ত নেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা।
২০২০ সালে স্পেনের জার্সিতে সিনিয়র দলে অভিষেক হয় ইয়োরেন্তের। গত জুলাইয়ে আর্জেন্টিনা দলকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা স্পেনের স্কোয়াডে ছিলেন তিনি। যদিও ফাইনাল ম্যাচে তাকে পুরো সময়টা বেঞ্চেই কাটাতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে লরেন্তে লেখেন, ‘আমি বুঝতে পারছি যে আমি এখনো বেশ তরুণ এবং হয়তো ভালো পারফরম্যান্স ধরে রাখলে এই জার্সিতে খেলার আরও বেশ কয়েক বছর বাকি থাকত।’ তিনি আরও লেখেন, ‘আমি জানি আপনাদের অনেকেই বিষয়টি বুঝতে পারবেন না।
বাইরে থেকে দেখলে আমিও হয়তো এটা বুঝতে পারতাম না। তবে এটি একটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত-যা আমি খুব ভালোভাবে ভেবেচিন্তে এবং সবচেয়ে বড় কথা, হৃদয় থেকে নিয়েছি।’ সাবেক রিয়াল মাদ্রিদ তারকা তার সতীর্থদের ধন্যবাদ জানান এবং স্পেনের সেই গৌরবময় বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আমি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, তার সবটুকুই হৃদয়ে জমিয়ে রাখবো। তবে বিশেষ করে এই শেষ ৫২ দিন আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ বার্তায় স্প্যানিশ এই ফুটবলার আরও বলেন, ‘এমন এক চমৎকার দলের সঙ্গে থাকা, যারা স্পেনকে শীর্ষে পৌঁছে দিতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে-আর ঠিক সেটাই তারা করে দেখিয়েছে।’
৩১ বছর বয়সী এই ফুটবলারের হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ফুটবলপ্রেমীরা। আন্তর্জাতিক মঞ্চের কোলাহল ছেড়ে ক্লাব ফুটবলেই এখন নিজের পুরো মনোযোগ দিতে চান ইয়োরেন্তে।
