কমলগঞ্জে গহীন বনে রাতভর অভিযানে অজ্ঞাত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের গহীন পাহাড়ি এলাকায় রাতভর যৌথ বাহিনীর অভিযানে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে হামহাম জলপ্রপাত সংলগ্ন ‘সীতাব’ নামক জলধারা থেকে মরদেহটি উদ্ধার করে বনের বাইরে নিয়ে আসা হয়। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫/৬০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। বনবিভাগ ও ?স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে পর্যটন এলাকা হামহামের মোকাম টিলা সংলগ্ন সিতাবের পানিতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন মাছশিকারি।

পরে তারা দ্রুত বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে রাতেই পাহাড়ি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সার্বিক তত্ত্বাবধানে উদ্ধার অভিযানে নামে বনবিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ দল। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করে বনের গিরিপথ ডিঙিয়ে লোকালয়ে ফিরে উদ্ধারকারী দল। বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।