কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৮ লাখ ৩৮ হাজার ৭২৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ কাজিপুর ও চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাজিপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান পরিচালনা করে বিজিবি’র একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ১৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এরপর একই রাতে আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আকন্দপাড়া মাঠে পৃথক অভিযান চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ১০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ১৯ হাজার ৫২৫ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
