: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ছাত্রদল কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী লাবিব। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লাবিব গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, আহত লাবিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকারের অনুসারী। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টিএসসি’র সামনে আহ্বায়ক হাবিব আহমেদের কর্মীদের সঙ্গে সদস্য সচিব মামুন সরকারের কর্মী রাশেদুল হাসান রাতুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা অগ্নিবীণা হলের সামনে জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত ঘটে।
এ সময় ছাত্রদলের কর্মীদের দেশীয় অস্ত্র হাতে অগ্নিবীণা ও বিদ্রোহী হলের মধ্যখানে অবস্থান নিতে দেখা যায়। মধ্যরাতে দেশীয় অস্ত্রসহ এক গ্রুপ অগ্নিবীণা হল থেকে বিদ্রোহী হলে ধাওয়া দিলে প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এই সময় কয়েকজন পুলিশ সদস্যদের হলের সামনে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।
এর আগে, আহ্বায়কের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুসারীদের নৈরাজ্যের অভিযোগে মিছিল ও ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। অভিযোগ রয়েছে, মিছিলটি বানচাল করতে অপর পক্ষের কয়েকজন কর্মী উস্কানি দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, আমি ঘটনার শুরুতে ক্যাম্পাসে ছিলাম না, আমি আসার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। আমি চাই না ক্যাম্পাসে এমন মারামারি অরাজকতা তৈরি হোক। তারা হয়তো স্বার্থসিদ্ধির জন্য এমন ঘটনা তৈরি করছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ জানান, আমাদের অবস্থান স্পষ্ট। নিষিদ্ধ ছাত্রলীগের যারা নৈরাজ্য তৈরি করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অবস্থায়ই অনুপ্রবেশ করে নৈরাজ্য তৈরি করতে না পারে তার ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা পালন করবো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ক্যাম্পাসে ঝামেলা হয়েছিল। তবে আমরা আসার পর এখন পরিস্থিতি শান্ত আছে।
