কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার। পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচারণা চালানোর অভিযোগ এবং বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সাজ্জাদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচারণা এবং বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
