গোলাপগঞ্জে বসতঘরে আগুন, আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জে বসতঘরে আগুন, আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

সিলেটের গোলাপগঞ্জে প্রবাসী মুক্তা আহমদ ও শ্রমিক দল নেতা মান্না আহমদের বসতঘরে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগে মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ধারাবহর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী প্রবাসী মুক্তা আহমদ বলেন, গত ১৭ই আগস্ট ভোরে পরিকল্পিতভাবে আমার বসতঘরে মামলার আসামি শরিফ উদ্দিনের নেতৃত্বে অন্যান্য আসামিরা আগুন দেয়। অগ্নিসংযোগের ফলে ঘরের আসবাবপত্রসহ আমার সাত কক্ষ বিশিষ্ট ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিসংযোগের ঘটনায় আমি আদালতে ১৫ জনের নামোল্লেখ ও ১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করি।

মামলার এতদিন পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। মামলা দায়েরের পর থেকে আসামিরা মামলা তোলার জন্য আমাদের প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে। মুক্তা আহমদ দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেন। মানববন্ধনে আমুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহবুবুল হক লুলুর সভাপতিত্বে ও আমুড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক অপু আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ-শ্রম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ। এ সময় বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-কোষাধ্যক্ষ মনসুর আহমদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু, ব্যবসায়ী রাজীব আহমদ, রুহুল আমিন, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের এতদিন পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। প্রশাসন আসামি ধরতে এত কালক্ষেপণ কেন করছে? মান্না ও মুক্তার বসতঘরে যারা আগুন ধরিয়েছে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করা হোক। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আর যেন না ঘটে এজন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।