কক্সবাজারে বিপুল আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইনে প্রতারণার অভিযোগ রয়েছে। আটককৃত চীনা নাগরিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে সাইবার আইনে মামলা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো বেশ কিছু ডকুমেন্টও উদ্ধার করা হয়েছে। কয়েক মাস ধরে ২০০/২৫০ চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ আছে। অপরাপর চীনা নাগরিকদের আটক করতে অভিযান চলমান রয়েছে।
