পটুয়াখালীর বাউফলে প্রমত্তা তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পটুয়াখালী-ভোলা সেতু নির্মাণের দাবিতে দীর্ঘ ৪ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধুলিয়া ও পার্শ্ববর্তী দুর্গাপাশা ইউনিয়নবাসী। গতকাল শুক্রবার সকাল ১০টায় ধূলিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নদীর তীরে হাজার হাজার নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপি আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. তছলিম উদ্দিন তালুকদার, জামায়াতের উপজেলা আমীর মাও. রফিকুল ইসলাম, সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ, সাধারণ সম্পাদক মো. খালিদুর রহমান, ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আ. রব মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন (বাবুল), উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান (রাফা), স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন (তারেক) প্রমুখ। ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধূলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহ্বায়ক মোফাজ্জেল হক মফুর সভাপতিত্বে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষ স্বাধীনতার পরে থেকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। প্রমত্তা তেঁতুলিয়া নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসা।
ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে ধূলিয়াবাসী। এভাবে ভাঙন অব্যাহত থাকলে এক সময় বাউফলের মানচিত্র থেকে মুছে যাবে ধূলিয়া ইউনিয়ন। বক্তারা আরও বলেন, বাউফলের তেঁতুলিয়া নদীতে একটি সেতু হলে ভোলা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশালসহ পায়রা বন্দর এবং বাকেরগজ্ঞের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি অর্থনৈতিক সেতুবন্ধন তৈরি হবে। এলাকার মানুষের কম সময়ে ঢাকাসহ বিভিন্নস্থানে যাতায়াতের পথ সুগম হবে। গড়ে উঠবে শিল্পকলকারখানা। এতে ৬টি জেলার ২৫টি উপজেলার বসবাসরত মানুষের বাড়বে কর্মসংস্থান, কর্মমুখী চঞ্চলতায় ব্যস্ত সময় পার করবে এসব উপজেলা ও জেলার মানুষেরা। পরে আন্দোলন কমিটি এক সাংবাদিক সম্মেলনে ৬টি জেলার সঙ্গে সেতু নির্মাণে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও মানুষের নিরাপদ বসবাসে টেকসই বাঁধ নির্মাণের জন্য যোগাযোগমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানান।
