চায়ের বিল নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

চায়ের বিল নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

ফন্ট সাইজ:

মাত্র ৪৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে নাটোরের বাগাতিপাড়ায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর বাজারে ঘটনার সূত্রপাত হলেও পরে তা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গড়ায়। এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে জয়ন্তীপুর এলাকার আতাহার আলীর দুই ছেলে মোস্তফা ও মশিউর হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে জয়ন্তীপুর বাজার এলাকার চায়ের দোকানদার শামিম হোসেন ও মুদি দোকানদার মোস্তফার মধ্যে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

বিষয়টি পরে উভয় পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষ উত্তেজিত হয়ে মারামারিতে জড়িয়ে পড়লে থানায় খবর দেয়া হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।