দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান সরানোর সময় ত্রিমুখী সংঘর্ষ দুই চালকসহ নিহত ৪

ফন্ট সাইজ:

ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান সরানোর সময় ত্রিমুখী সংঘর্ষে দুই চালকসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কে বিকল হয়ে পড়ে। পরে একটি লং ভেহিক্যাল এসে কাভার্ডভ্যানটি সরানোর চেষ্টা করছিল। সেসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এতে তিনটি যানবাহনের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক, তার সহকারী ও ইউনিক বাসের চালক নিহত হন। বাসের এক যাত্রী গুরুতর আহত হলে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, গাড়ি তিনটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে বাসচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।