পোশাক রপ্তানি কন্টেইনারে সময় বাড়ালো চট্টগ্রাম বন্দর

ফন্ট সাইজ:

পোশাকশিল্পের রপ্তানিকারকদের সুবিধার্থে চট্টগ্রাম বন্দরে রপ্তানিবাহী কন্টেইনার প্রবেশের নির্ধারিত সময় বা ‘কাট অফ টাইম’ ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। বিজিএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন এ সুবিধা শুধু পোশাকশিল্পের রপ্তানিবাহী কন্টেইনারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগামী বছরের ২রা সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত সময় কার্যকর থাকবে। চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) গত ১লা সেপ্টেম্বর এ বিষয়ে একটি আদেশ জারি করেন।

আদেশ অনুযায়ী, দিনের জোয়ারে জাহাজ আসার ক্ষেত্রে আগে যেখানে জাহাজ আসার দিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত কন্টেইনার গেট-ইনের সময় নির্ধারিত ছিল, এখন তা পরদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত করা হয়েছে। একইভাবে রাতের জোয়ারে জাহাজ আসার ক্ষেত্রে রাত ৮টার পরিবর্তে পরবর্তী রাত ৮টা পর্যন্ত সময় পাওয়া যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কন্টেইনার স্টাফিং সম্পন্ন করা হলেও প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে। দিনের জোয়ারে আসা জাহাজের ক্ষেত্রে পরদিন সকাল সাড়ে ৭টার পর আরও সাড়ে ৬ ঘণ্টা, অর্থাৎ বেলা ২টা পর্যন্ত সময় পাওয়া যাবে। রাতের জোয়ারে আসা জাহাজের ক্ষেত্রে পরবর্তী রাত ৮টার পর আরও চার ঘণ্টা, অর্থাৎ রাত ১২টা পর্যন্ত সময় দেয়া হবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাট অফ টাইমের মধ্যে কন্টেইনার স্টাফিং শেষ করতে রপ্তানিকারকদের প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করতে হবে। এ জন্য রপ্তানি পণ্য আগেভাগে স্টাফিং পয়েন্টে পৌঁছানোর পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ ছাড়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কন্টেইনার গেট-ইন সময় জাহাজের নির্ধারিত ‘সেইলিং টাইমের’ তিন ঘণ্টা আগে শেষ হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অফডকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।